বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে আজ সোমবার তাকে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।
ঢাকার মহানগর হাকিম ছিদ্দিক আজাদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার দিনের রিমান্ড আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, রিমান্ড চলাকালে মামুন খালেদ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দিবাগত রাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৬ মার্চ পাঁচ দিন এবং ৩১ মার্চ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। অভিযোগ রয়েছে, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরবর্তীতে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments