Image description

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব মহব্বত আলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত সময় উপেক্ষা করে নিজের ইচ্ছামতো অফিসে আসার ফলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার কথা থাকলেও সচিব মহব্বত আলী প্রায়ই বেলা গড়িয়ে যাওয়ার পর অফিসে আসেন। ফলে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশ কায়েমসহ বিভিন্ন জরুরি কাজের জন্য দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় সচিবকে না পেয়ে সেবা না নিয়েই অনেককে ফিরে যেতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ—উভয়ই অপচয় হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সচিব মহব্বত আলীর এমন খামখেয়ালিপনা দীর্ঘদিনের। এছাড়া তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। তারা এই ভোগান্তি নিরসনে এবং সচিবের জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সচিব মহব্বত আলীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর