রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. শিরীন শারমিন চৌধুরী অনেকটা আড়ালেই ছিলেন। গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিন পুলিশ তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ড. শিরীন শারমিন চৌধুরীকে আসামি করা হয়েছিল।
উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। এরপর ২০১৩ সালে তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments