Image description

নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুকে আসামি করে মামলা করা হয়েছে। পরে আদালত থেকে জামিন নেওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশুর নাম মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা।

মামলার নথি সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৯ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় সংঘর্ষ, হামলা ও আহত করার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় মামলা করা হয়। মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে শাজাহান আলীর ছেলে মো. হুসেনের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।

জন্ম সনদ অনুযায়ী, মো. হুসেনের জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর। বর্তমানে তার বয়স সাত বছর।

বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের প্রশ্ন, এমন বয়সী একটি শিশুর নাম কিভাবে সংঘর্ষ মামলার আসামির তালিকায় এলো।

আইনজীবীদের মতে, বিরোধের জেরে অনেক সময় বাদী পক্ষ পরিবারের একাধিক সদস্যকে একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম মামলায় যুক্ত হলে তদন্তে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করা প্রয়োজন।