রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত পুলিশের করা ‘শোন অ্যারেস্ট’ আবেদন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম সাবেক এই এমপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ের আনন্দ সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত সেই মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। বুবলীকে উক্ত মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তামান্না নুসরাত বুবলী নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। বিসিএস পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন বিতর্কে এর আগেও তিনি দেশজুড়ে আলোচিত হয়েছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments