Image description

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো নারী যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি ট্রেনে একটি করে আলাদা বগি বা কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি সাংবাদিকদের জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে ৫০ মাইলের বেশি পথ পাড়ি দেওয়া ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকতে হবে। আইনের ১১৯ ধারায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো পুরুষ ওই কামরায় প্রবেশ করলে জরিমানার সম্মুখীন হবেন।

আইনজীবী আরও জানান, রেলওয়ে আইনের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন জনস্বার্থে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতে গত ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিলেন—কেন প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ করা হবে না।

বর্তমানে ওই রুলটি বিচারাধীন রয়েছে। তবে আসন্ন ঈদুল আজহায় ট্রেনের প্রচণ্ড ভিড় এবং নারী যাত্রীদের পোহাতে হওয়া চরম ভোগান্তির কথা বিবেচনা করে একটি সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত ঈদযাত্রায় নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা বগি রাখার এই অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। এই নির্দেশনার ফলে এবারের ঈদে নারীদের ট্রেন ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই