Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। যেখানে বালু তোলা হচ্ছিল, তার পাশেই প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ৫শ মিটার দীর্ঘ একটি নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে। অবৈধ ড্রেজার ব্যবহারের ফলে নবনির্মিত এই প্রকল্পটি হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসলেও প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, "অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার জব্দ করা হয়েছে। তবে মালিকরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।"

মানবকণ্ঠ/ডিআর