Image description

সাবেক জ্বালানি মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের করা মানহানি মামলায় আদালতে হাজির হননি মুফতি আমির হামজা এমপি। নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন।

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, এর আগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ (রবিবার) তার আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে এই মানহানি মামলাটি করা হয়। আদালত ওই দিনই সমন জারি করে তাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, একই অভিযোগে গত ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরও একটি মানহানি মামলা করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

মানবকণ্ঠ/আরআই