হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যমূলকভাবে ভ্যাকসিন আমদানিতে বিলম্বের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে। অন্য আসামিরা হলেন— সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার আবেদনে বলা হয়েছে, ইউনূস সরকারের দায়িত্বে চরম অবহেলা ও উদ্দেশ্যমূলক সিদ্ধান্তের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হয়েছে। অভিযোগকারীর মতে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল।
অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলার টিকা আমদানি করে আসলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া বন্ধ করে দেয়। ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া শুরু করে, যা দেশে চরম টিকা সংকট তৈরি করে।
আবেদনে দাবি করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সরকারি হিসেবেই এই সময়ে মৃত্যু হয়েছে ৬১০ জন শিশুর। এর বাইরে বিপুল সংখ্যক শিশু চিকিৎসার বাইরে রয়েছে এবং অনেক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ জানিয়েছেন, মামলার আবেদনটি জমা নেওয়া হয়েছে, তবে এখনো শুনানি অনুষ্ঠিত হয়নি। বাদীপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকন্ঠ/আরআই




Comments