Image description

রাজশাহীর বাগমারা উপজেলার একটি থানায় ঘুস গ্রহণের অভিযোগে এক পুলিশ পরিদর্শককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা কমলেশ দাসকে সোমবার (৮ জুন) বাগমারা থানা থেকে সরিয়ে রাজশাহী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে রোববার রাতে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি তার কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করছেন। পরে খাম থেকে টাকা বের করে গুনে মানিব্যাগে রাখেন বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে অর্থদাতা ব্যক্তির পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি।

কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারা থানায় ওসি হিসেবে যোগদান করেন বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে তা তিনি জানেন না। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, বিষয়টি জানার পরই অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।