Image description

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগে তার মেয়েকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম (৯৫) ওই গ্রামের বাসিন্দা। আটক রোকেয়া বেগম (৬৫) তার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বাসায় মা ও মেয়ে একসঙ্গে ছিলেন। পরে রোকেয়া বেগম তার মাকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত নারী স্বজনদের ডেকে জানান যে তার মা মারা গেছেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ দেখতে পান এবং রোকেয়াকে আটক করে রাখেন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক নারী মানসিকভাবে অসুস্থ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।