২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নির্দোষ দাবি করে পুরো দায়ভার ‘ওপর মহলের’ নির্দেশের ওপর চাপিয়েছেন।
বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে। সংস্থাটির কর্মকর্তারা চলতি সপ্তাহে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন।
তদন্ত সংস্থা সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন যে, তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশেই শাপলা চত্বরের ঘটনার সংবাদ প্রচার করা হয়েছিল। এতে তাদের ব্যক্তিগত কোনো ভূমিকা বা দায় নেই। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চাঞ্চল্যকর দাবি করেন মোজাম্মেল বাবু। গত ৫ আগস্টের আগে ও পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বিতর্কিত সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি সেগুলো ‘এআই’ (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা বলে দাবি করেন।
এর আগে গত ৭ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, এই মামলায় বর্তমানে ৯ জন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার রয়েছেন। বাবু ও রূপা ছাড়া অন্যরা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
মানবকণ্ঠ/ডিআর




Comments