Image description

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারানোর ঐতিহাসিক গৌরব নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় এই সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে; প্রথম টি-টোয়েন্টির একাদশে নেই এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।

অধিনায়কের অভিষেকের দিনে টাইগার একাদশে আরও এক নতুন মুখ যুক্ত হয়েছে। ডানহাতি তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইনের আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে জয়ের দীর্ঘ দুই দশক পর এবার তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর আজ টি-টোয়েন্টিতেও সেই সাফল্যের ধারা বজায় রেখে ফুরফুরে মেজাজে মাঠে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মানবকণ্ঠ/ডিআর