Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ বিদেশে পাচার করার সুযোগ আর দেওয়া হবে না। জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতাকে দেশের উন্নয়নের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে চা শ্রমিক পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপ প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ এবং উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারপ্রধান আরও বলেন, আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে এবং পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা জনবিরোধী বলে আখ্যা দিচ্ছে, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গণতন্ত্র ও উন্নয়ন ধরে রাখতে জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

মানবকণ্ঠ/আরআই