দুমকিতে ৫০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মহাশোভাযাত্রা
ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে আকাশী-সাদা সমর্থকদের উন্মাদনায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বিশাল মহাশোভাযাত্রা ও সমর্থক সমাবেশ করেছে স্থানীয় ফুটবলপ্রেমীরা।
দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০ হাজার সমর্থক অংশ নেন বলে আয়োজকরা দাবি করেছেন। শোভাযাত্রার শুরুতে সামনের সারিতে বহন করা হয় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা। সমর্থকদের হাতে ছিল ছোট-বড় অসংখ্য পতাকা, মাথায় জাতীয় পতাকার ব্যান্ড এবং কানে তালা লাগানো ভুভুজেলা বাঁশির শব্দ।
বিকেল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় রঙিন ফায়ার স্মোক ব্যবহারের ফলে পুরো এলাকা উৎসবে রূপ নেয়। বিশেষ করে নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় এক হাজার শিশু এই মিছিলে সামিল হয়েছিল।
শোভাযাত্রায় অংশ নেওয়া সরকারি জনতা কলেজের শিক্ষক শহীদুল ইসলাম বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগের জায়গা। দুমকির এই সুশৃঙ্খল আয়োজন সত্যিই প্রশংসনীয়।” কলেজের আরেক শিক্ষক আসাদুজ্জামান জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ায়, এই মহাসমাবেশ তারই প্রমাণ।
আয়োজক কমিটির অন্যতম সংগঠক রাজিবুল ইসলাম ও জাহিদ রুবেল বলেন, “বিশ্বকাপের আগে সমর্থকদের ঐক্যবদ্ধ করতে এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এই বিশাল আয়োজন। মানুষের উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।” আরেক সংগঠক সাজ্জাদুল ইসলাম দুর্জয় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে।”
শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ এই দৃশ্য উপভোগ করেন। জনসমুদ্র দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন, দুমকিতে এমন বড় ক্রীড়া-আয়োজন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। দুমকি থানা পুলিশের সহায়তায় পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments