Image description

শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের সঙ্গে যোগাযোগ ও গোপন বৈঠকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানার একাধিক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। সর্বশেষ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকেও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই অভিযোগে সাভার মডেল থানার ওসি ইমরান আলী, এসআই মনিরুল ইসলাম, এএসআই আসিফুর এবং এএসআই মো. মেরাজকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি শামীমকে গ্রেফতার করা যায়নি।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। প্রশাসন বলছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।