লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শীর্ষ ৩২-এ পৌঁছে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে হতাশ করেন মেসি। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজকে ফাউল করার ঘটনায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে অষ্টম মিনিটে নেওয়া শটটি পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়।
তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩৮তম মিনিটে বাম দিক থেকে শুরু হওয়া আক্রমণে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। তার এই গোলেই প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া কিছুটা আক্রমণাত্মক হলেও আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা।
শেষ মুহূর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। আলভারেসের দ্রুতগতির আক্রমণের পর ফিরতি বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টিনা অধিনায়ক। এতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে জায়গা করে নিল আর্জেন্টিনা।




Comments