Image description

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুজ্জামান শামীমকে (৩৭) গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বস্তাবর গ্রামের বাসিন্দা ৬৭ বছর বয়সী আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। সেই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে শামীম দীর্ঘদিন ধরে তার ওপর চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শামীম ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত আনজুমান আরা চিকিৎসা নেন। পরে বাড়িতে ফিরে এলে গত ১৪ জুন আবারও তার ওপর হামলা চালানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই হামলার সময় শামীম ধারালো চাকু দিয়ে মায়ের ডান পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় ২৪ জুন থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিনের অভিযান শেষে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।