কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) শরীরে থাকা গুলি এখনও অপসারণ করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাটাবিল এলাকার শ্রাবণকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির পরিত্যক্ত স্থান থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মানববন্ধনে হামলা ও গুলির ঘটনায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ ইথানের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদক কারবারি সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শ্রাবণের নাম মামলায় না থাকলেও তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এদিকে, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ইথানের বাবা ইউনুছ মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গুলি অপসারণ সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নেওয়া হলেও এখনো গুলি বের করা হয়নি। গুলির ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, জেলায় মাদক, মাদকসেবী ও মাদকসংক্রান্ত মামলার সংখ্যা বাড়ছে। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ করা না গেলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন। এমনকি সরকারে থেকেও যদি মাদক নির্মূলে ব্যর্থ হন, তবে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে অস্ত্রধারীরা হামলা ও গুলি চালায়। স্থানীয়দের দাবি, আগের দিন রাত থেকেই অপু ও সাব্বির গ্রুপের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। হামলার সময় গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমসহ অন্তত পাঁচজন। টিফিনের সময় বাসায় ফেরার পথে প্রেম গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষকরা।




Comments