Image description

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এক টাকায় আইন ও বিচার বিভাগ পরিচালনা করা সম্ভব নয়। এমনটি হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আলোচনায় আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব উত্থাপন করেন। এ সময় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য ওই বরাদ্দ প্রতীকীভাবে এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দেন এবং বিচার বিভাগের বিভিন্ন সংকট তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বিচার বিভাগের জন্য বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ, যা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বরাদ্দের চেয়েও কম। তিনি দেশে ৫০ লাখের বেশি মামলার জটের কথা উল্লেখ করে প্রবীণ ও শিক্ষানবিশ আইনজীবীদের দুরবস্থার কথাও তুলে ধরেন।

সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ বলেন, নিম্ন আদালত পৃথক করা হলেও পদোন্নতি ও বদলির ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকায় বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

অন্যদিকে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বিচার বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দকে অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে বলেন, দেশে ২৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। একই সঙ্গে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বেঞ্চ স্থাপন এবং পেপারলেস বিচারব্যবস্থা চালুর বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন।

সংসদ সদস্য মোহাম্মদ কেরামত আলী থানায় সাধারণ মানুষের হয়রানি এবং পুলিশের তদন্ত কার্যক্রমের বিভিন্ন দুর্বলতার বিষয়ও সংসদে তুলে ধরেন।