Image description

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং এতে কারা থাকবেন, সে বিষয়ে রায়ের পূর্ণাঙ্গ কপি দেখার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এর আগে একই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে আইনজীবীরা মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "ইনশাল্লাহ, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।"

তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আন্দোলনের ফল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের ধারণার জন্ম হয়। পরে ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনী এনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো প্রণয়ন করে।

আইনমন্ত্রী আরও বলেন, গত ১৬-১৭ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই দলটি এ ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে এবং সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।