ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ, প্রচার ও সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িতদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এটি পাস হয়।
নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাক্টিভ পদার্থের অবৈধ ক্রয়, বিক্রয়, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা যোগাযোগ করেন বা করার চেষ্টা করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বা ব্যবহারের চেষ্টা করে মাদক লেনদেন করাও অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আইনের গুরুত্বপূর্ণ একটি সংযোজন হলো, এ ধরনের অপরাধে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল তথ্যপ্রমাণ, অনলাইন যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেও বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে।
বিলে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বা সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যেকোনো মেয়াদের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত ডিজিটাল অ্যাকাউন্ট, ডিভাইস, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি আদালতের আদেশে ব্লক, জব্দ, বাজেয়াপ্ত বা রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা যাবে।
দ্রুত বিচার নিশ্চিত করতে দেশের মাদকপ্রবণ এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধানও বিলে রাখা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন এবং মাদক শনাক্তে বিশেষ ডগ স্কোয়াড গঠনের আইনি ভিত্তিও যুক্ত করা হয়েছে।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, মাদক ব্যবসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Comments