Image description

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে কণ্ঠভোটে কমিটি অনুমোদন করা হয়। তবে বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হয়েছে।

সংবিধান সংশোধন কমিটিতে সদস্য না দেওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দল কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে। তাদের অনুপস্থিতিতেই কমিটি গঠনের প্রস্তাব পাস হয়।

কমিটির সদস্যরা হলেন—চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংরক্ষিত আসনের সদস্য শাকিলা ফারজানা, বিএনপির মাহমুদুল হক রুবেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বিরোধী দলের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও তারা সদস্যের নাম দেয়নি। তাই আপাতত পাঁচটি পদ শূন্য রেখে কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধী দল সদস্য মনোনয়ন দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

কমিটির প্রস্তাবের বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে এ ধরনের কমিটি গঠন গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার থেকেই বিরোধী দল তাদের অবস্থানে অনড় রয়েছে। এ কারণে তারা কমিটি প্রত্যাখ্যান করে ওয়াকআউট করেন।

বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার দাবি সাংবিধানিকভাবে বৈধ নয়। বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন ও সংসদ গঠিত হয়েছে এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াও সংসদের মাধ্যমেই সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন অংশীজন এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে।

বিশেষ কমিটির কার্যক্রম শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।