Image description

কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক, বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, ২০১৮ সালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার তিন আসামিকে হাজির করার নির্দেশ দেয়।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফ থেকে একরামুল হককে তুলে নেওয়ার পর মেরিন ড্রাইভ এলাকায় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

উল্লেখ্য, একরামুল হক হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজীর আহমেদের পাশাপাশি মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।