Image description

টেলিভিশন সাংবাদিকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা এনওসি (NOC) বাধ্যতামূলক করার বিতর্কিত নির্দেশনাটি জারির মাত্র একদিনের মাথায় প্রত্যাহার করে নিয়েছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স’ (অ্যাটকো)।

সোমবার (১৮ মে) সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রোববার (১৭ মে) টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছিল অ্যাটকো। সেই নির্দেশনায় বলা হয়েছিল, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র বা ছাড়পত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছিল। প্রথমত, নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র নিতে হবে। দ্বিতীয়ত, অনাপত্তিপত্র ছাড়া কেউ অন্য প্রতিষ্ঠানে চাকরি নিলে বা যোগ দিলে ওই কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

অ্যাটকোর এই নির্দেশনার পর সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ (ডিআরইউ) পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই আদেশের তীব্র প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিকদের কর্মক্ষেত্রের স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় অনেকেই একে ‘কালাকানুন’ হিসেবে আখ্যা দেন। ব্যাপক প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত একদিনের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে এল টেলিভিশন মালিকদের এই সংগঠন।

মানবকণ্ঠ/ডিআর