Image description

দেশে সাংবাদিকতা পেশার প্রতি মানুষের আগ্রহ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্তমানে জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল কিংবা নামসর্বস্ব কোনো গণমাধ্যম প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলেই সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্ট বক্স ও ইনবক্সে দেখা যায় আগ্রহীদের উপচে পড়া ভিড়। তবে এই আগ্রহের নেপথ্যে প্রকৃত পেশাদারিত্ব নাকি নিছক মোহ—তা নিয়ে এখন নানা মহলে গভীর প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে কিছু অনলাইন পোর্টাল ও কথিত গণমাধ্যম প্রতিনিধি নিয়োগের নামে এক ধরনের বাণিজ্যে নেমেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠানে কোনো বেতন বা সম্মানীর ব্যবস্থা থাকে না। বরং “প্রেস আইডি কার্ড”, পরিচিতি ও সাংবাদিক পরিচয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অজুহাতে আগ্রহীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এরপরও প্রতিদিন অসংখ্য তরুণ কোনো বাছবিচার ছাড়াই এসব প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।

বিশ্লেষকদের ভাষ্য, সাংবাদিকতা পেশায় প্রবেশের নির্দিষ্ট ও কঠোর মানদণ্ড না থাকায় অনেকেই খুব সহজেই নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে গলায় একটি আইডি কার্ড ঝুলানো কিংবা মোবাইল ফোন হাতে নিয়ে হুটহাট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভে’ এলেই নিজেকে সাংবাদিক দাবি করার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। অথচ প্রকৃত সাংবাদিকতা পুরোপুরিভাবে নির্ভর করে অনুসন্ধানী দক্ষতা, তথ্যের সত্যতা যাচাই, মার্জিত উপস্থাপনা, নৈতিকতা ও মৌলিক লেখনীর ওপর।

অভিযোগ উঠেছে, বর্তমানে সাংবাদিকতার বড় একটি অংশ ‘কপি-পেস্ট’ বা চৌর্যবৃত্তি নির্ভর হয়ে পড়েছে। অনেকেই নিজস্ব ভাষা, বিশ্লেষণ ও সৃজনশীলতার চর্চা না করে শর্টকাট পথে সংবাদ পরিবেশনে অভ্যস্ত হয়ে উঠছেন। এতে প্রকৃত সংবাদচর্চা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল, দালালি, প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপকর্মে জড়িয়ে পড়ছেন। বিষয়টি এখন কোনো নির্দিষ্ট জেলা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দেশব্যাপী উদ্বেগজনক আকার ধারণ করেছে।

সচেতন মহলের দাবি, এই সংকট থেকে উত্তরণে সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যূনতম যোগ্যতার মানদণ্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম মালিকদের উচিত ভুঁইফোড় ও প্রতারণামূলক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সরকারিভাবে অনলাইন নিউজ পোর্টালগুলোর তদারকি বাড়ানো।

সম্প্রতি একজন সিনিয়র সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “সাংবাদিকতা কখনো শর্টকাট খ্যাতি অর্জনের মাধ্যম নয়। এটি দায়িত্ব, সততা, দক্ষতা ও সত্যের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পেশা। প্রকৃত সাংবাদিকতার পরিচয় শুধু আইডি কার্ডে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই তা ফুটে ওঠে।”

মানবকণ্ঠ/ডিআর