বস্তুনিষ্ঠ সংবাদ ও স্বাধীন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে বহুমাত্রিক সংবাদমাধ্যম ‘অগ্রদূত’। শনিবার (৬ জুন) সকালে ওয়েবসাইট উন্মুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকার, রাজনৈতিক দল ও করপোরেট প্রভাবমুক্ত থেকে নির্ভয়ে সত্য প্রকাশই তাদের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে অনলাইন মাধ্যমে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে ছাপা পত্রিকা হিসেবে প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
আত্মপ্রকাশ উপলক্ষে দেশব্যাপী কর্মরত প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রদূতের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান সংগঠনের নীতিগত অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, অগ্রদূত স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে কাজ করবে, কোনো দল বা গোষ্ঠীর লেজুড় হবে না। পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর বলেন, এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও স্বাধীন গণমাধ্যম গড়ে উঠবে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের সংবাদ গুরুত্বসহকারে তুলে ধরা হবে।
বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব বলেন, দেশের সাংবাদিকরাই অগ্রদূতের মূল শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কথা তুলে ধরাই তাদের লক্ষ্য।
সভায় মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। সম্পাদক আশ্বস্ত করেন, সাংবাদিকদের ঝুঁকি মোকাবিলায় অগ্রদূত পাশে থাকবে এবং আধুনিক সাংবাদিকতা ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সবশেষে, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অগ্রদূতের সদস্যরা।




Comments