বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ২৩ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৪৬ কোটি টাকা। প্রতি ডলার ১০৬ টাকা ৩৫ পয়সা ধরে। সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় এই ঋণচুক্তি ও প্রকল্পচুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়।
প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের বন্যায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা পরবর্তী গ্রামীণ রাস্তা ও সংযোগ অবকাঠামো, নদীর বাঁধ ও সেচ অবকাঠামো, কৃষি রূপান্তর, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পুনর্বাসন ও পুনর্গঠন করা হবে। প্রকল্পের বাস্তবায়নকাল এপ্রিল ২০২৩ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত।
ঋণে সুদের হার ১ শতাংশ। তবে অন্য কোনো চার্জ নেই। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। এডিবি এখনও পর্যন্ত বাংলাদেশকে ২ হাজার ৮০৭ কোটি ৪০ লাখ ডলারের ঋণ সহায়তা ও ৫৪ কোটি ১০ লাখ ডলারের অনুদান দিয়েছে।

