রোববার প্রায় সারাদেশের আকাশই মেঘলা থাকতে পারে। আর সোম ও মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সময়ের আলোকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। আর পরবর্তী আরও তিন দিন লঘুচাপটি ঘনীভূত হতে পারে জানিয়েছেন তিনি।
অধিদফতর থেকে ইতোপূর্বে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ৭ মে (রোববার) বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করলে এই আবহাওয়াবিদ জানান, সর্বশেষ অবস্থা বিবেচনা করে সম্ভাব্য তারিখ ৭ মে থেকে পিছিয়ে ৮ অথবা ৯ মে করা হয়েছে।
এর প্রভাব জানতে চাইলে তিনি বলেন, সময়ের সাথে লঘুচাপ সাধারণত নিম্নচাপে পরিণত হয়। তা হলে পরে অবস্থা বিবেচনা করে অধিদপ্তর থেকে সময়ে সময়ে পূর্বাভাস দেয়া হবে।
শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়াসহ বৃষ্টি / বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেয়া আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এই পূর্বাভাসে পরবর্তী ৪৮ ঘন্টার (২ দিন) আবহাওয়ার অবস্থা লেখা হয়েছে, ‘দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।’ আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা লেখা হয়েছে, ‘লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।’
শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে ১৭ মিলিমিটার।
