আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার লক্ষে চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপে এখন পর্যন্ত ৯১ হাজার ৮৯৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্যমতে, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকৃতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৭ হাজার ১৪০ এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৭৫৮ জন।
এবারই প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর (আইটি সাপোর্টেড) পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, অ্যাপে সফলভাবে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীদের ঠিকানায় নির্দিষ্ট সময়ে ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা পুনরায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ঘানা, মরক্কো, আর্জেন্টিনা, লিবিয়া, হংকং, উগান্ডা, নাইজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, চিলি, ইকুয়েডর, তাইওয়ান, জিম্বাবুয়ে ও পেরু।
উল্লেখ্য, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

