জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়হীনতা, আইনি অস্পষ্টতা এবং রাজনৈতিক চাপ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে এসব প্রতিবন্ধকতার মধ্যেও জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে দৃশ্যমান দুর্বলতা প্রদর্শন করছে। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে অনেক ক্ষেত্রে কমিশন দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। অনলাইন ও অফলাইনে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন ও অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম হচ্ছে না।
ড. ইফতেখারুজ্জামান আরও অভিযোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যা পুরো নির্বাচনি ও গণভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, গুগল ও মেটার মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট সরাতে কার্যকর ভূমিকা রাখছে না। ব্যবসায়িক স্বার্থ বা ‘মানি ডিপেন্ডেন্সি’র কারণে তারা দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
গণভোট ইস্যুতে সরকারের দোদুল্যমান অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করে টিআইবি জানায়, প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে সরকার শুরু থেকেই অস্পষ্ট অবস্থানে রয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
সবচেয়ে বড় আইনি বিভ্রান্তি হিসেবে ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, নির্বাচন কমিশন গণভোটকে ‘নির্বাচন’-এর সমার্থক হিসেবে বিবেচনা করছে, যা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সঠিক নয়। কারণ গণভোটে কোনো ব্যক্তি বা আসনের পক্ষে ভোট প্রদান করা হয় না। তার মতে, গণভোটের ভিত্তি হওয়া উচিত জুলাই সনদ।
সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কারে টিআইবি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলে ধরে। এর মধ্যে রয়েছে—সংবিধানের ২০(২) অনুচ্ছেদ সংশোধন করে ক্ষমতার অপব্যবহারকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া, সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করা এবং ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করা।
এ ছাড়া অর্থবিল ও অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং সংসদীয় স্বচ্ছতা বাড়াতে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদে বিরোধী দলের সদস্য নিয়োগের প্রস্তাব দেয় সংস্থাটি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা অনুযায়ী জবাবদিহিমূলক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। তিনি দেশবাসীকে দুর্নীতির বিরুদ্ধে ‘না’ এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান।
মানবকণ্ঠ/আরআই

