Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের অভূতপূর্ব আগ্রহের কারণে এবারের নির্বাচনে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যাই প্রায় ৪ কোটি। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে ভোটমুখী করতে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। এমনকি তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

তিনি বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ৪ কোটি তরুণের একটি বড় অংশ কেন্দ্রে এলে ভোট কাস্টিংয়ের হারে বড় চমক আসবে।”

নির্বাচন কমিশনার আরও বলেন, মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। বিগত নির্বাচনগুলোতেও প্রচার-প্রচারণা ও কেন্দ্রে উপস্থিতির ক্ষেত্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ বহুগুণ বেড়েছে। নারী ও তরুণদের এই সম্মিলিত উপস্থিতি ভোটের সামগ্রিক হারে ইতিবাচক প্রভাব ফেলবে।

সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বজায় থাকায় সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রচার-প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক গণঅংশগ্রহণের মডেলে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মানবকণ্ঠ/ডিআর