Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ গণভোটে প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের দিকেই ঝুঁকছে জনমত। ঢাকার ২৩টি কেন্দ্রের বেসরকারি ফল বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ ভোটার সনদের পক্ষে মত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের ২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলে দেখা যায়, সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৭ হাজার ৭১২টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ৫ হাজার ৮৮৫টি।

চূড়ান্ত ফলাফলে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর হবে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে—রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট চালু, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ দুই মেয়াদ (১০ বছর) সীমা নির্ধারণ এবং প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা রাখা।

এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে অর্থবিল ও অনাস্থা ভোট ছাড়া অন্য ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। সংসদের ডেপুটি স্পিকার বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।

বিচার বিভাগীয় সংস্কারের আওতায় প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগ থেকে বাধ্যতামূলক করা এবং হাইকোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের ক্ষমতা বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে।

সনদে আরও রয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা জোরদার এবং নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রস্তাব। পাশাপাশি নির্বাচন কমিশন গঠন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকারেও বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই