ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশের বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সদস্য সচিব মনিরা শারমিন। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেলের পর থেকে বিভিন্ন আসন থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করলে এনসিপি প্রার্থীরা কারচুপির আশঙ্কা প্রকাশ করেন। গভীর রাতের এই সংবাদ সম্মেলন থেকে দলটি বড় কোনো ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments