বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে সামাজিক মাধ্যম ও প্রশাসনিক বিভিন্ন স্তরে জোর গুঞ্জন উঠেছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে রহস্যময় উত্তর দিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যারা বলছেন, তাদের কাছেই শোনেন। আমি এ নিয়ে কিছু বলতে পারব না।’ তার এমন জবাবে পদত্যাগের বিষয়টি নিয়ে কৌতূহল ও ধোঁয়াশা আরও বেড়েছে।
পুলিশের নির্ভরযোগ্য বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আইজিপির পদত্যাগের বিষয়টি তারাও শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো পর্যায় থেকেই এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখযোগ্য যে, গত জানুয়ারি মাসেই আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, যা অনেকের মনেই প্রশ্নের উদ্রেক করে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের জেরে প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম। ২০২০ সালে নিয়মিত চাকরি থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে অন্তর্বর্তী সরকার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই এই পদত্যাগের গুঞ্জন সামনে এল।
মানবকণ্ঠ/ডিআর




Comments