Image description

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মানবিক উদ্যোগের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই বিক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে আমরা এই সুলভ মূল্যে খাদ্য বিক্রয় কর্মসূচি শুরু করেছি। রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করে নিম্নআয়ের মানুষকে বিপদে ফেলে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে।’

তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এই সরকার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বিপিআইসিসি-এর সভাপতি মশিউর রহমান এবং বিসিএফএফএ-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর