সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনের ধারণকৃত সব ফুটেজ পরবর্তী প্রমাণের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের পুরো সময়ের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা কারিগরি প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা রাখতে হবে।
এই নির্দেশনাটি ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, ভোটের সুষ্ঠু পরিবেশ এবং কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করার ক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি তথ্যপ্রমাণ হিসেবে কাজ করবে। বিশেষ করে কোনো আসনে ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে বা কোনো সংক্ষুব্ধ প্রার্থী আদালতের শরণাপন্ন হলে এই সংরক্ষিত ভিডিও ফুটেজগুলো প্রধান দলিল হিসেবে গণ্য হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments