আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শহীদ মিনার প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি, রঙ-তুলির ছোঁয়ায় সাজছে চত্বর
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিল্পী ও শিক্ষার্থীরা বেদী পরিষ্কার, আলপনা আঁকা এবং চত্বরের রঙ-তুলির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকে ফুল হাতে জনতার ঢল শহীদ মিনারে উপস্থিত হবে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কাজের অবস্থা পরিদর্শন করলে দেখা গেছে, মূল বেদীর আলপনা প্রায় শেষ পর্যায়ে এবং রাস্তার আলপনা আঁকা কাজে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে নিয়োজিত। ধুলোবালি পরিষ্কার করে মিনারের কাঠামোতে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রং করার কাজ শেষ হলে পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি জানান, প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। শিক্ষার্থী বিবেক কুমার বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের দায়িত্ব পালন করছেন এবং আশা করা যাচ্ছে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) মধ্যেই পুরো আয়োজন শেষ হবে।
শুধু মূল মিনার নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments