১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে সরকার: শিক্ষামন্ত্রী
বিএনপি ক্ষমতা গ্রহণের পর প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার মান পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে। তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার।
এ সময় মিলনের সঙ্গে ছিলেন, সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবি এবং শিক্ষা অধিদফতরের পরিচালক ড. খান মাঈনউদ্দিন মাহমুদ সোহেল।
এর আগে ঢাকা থেকে সড়কপথে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন।
তাদের সঙ্গে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ ও সনাতন ধর্মের নেতরা। দুপুরের পর শিক্ষামন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে, ঢাকা থেকে সড়কপথে কচুয়া যাওয়ার পথে অনন্ত ২০টি স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী তাদের নেতা আ ন ম এহসানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান।




Comments