Image description

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও পাওনা পরিশোধ না করায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভি ও পিটিআই-এর।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বড় ধরনের বিপাকে পড়েছে ভারতীয় এই বিমান সংস্থাটি। বিশেষ করে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে জ্বালানি খরচ ও সময়—উভয়ই বৃদ্ধি পেয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে। 

বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, নেভিগেশন ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা জমা হয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও তারা তা পরিশোধে গড়িমসি করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে। এক বিবৃতিতে এয়ারলাইন কর্তৃপক্ষ বলেছে, এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া এবং বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার খবর প্রকাশ্যে আসার পর ভারতের শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

মানবকণ্ঠ/ডিআর