ব্রাজিল ফুটবল দলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে চার মাস বাকি থাকতেই সেলেসাওদের সঙ্গে আরও চার বছরের জন্য নতুন বন্দোবস্তের কথা নিজেই জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চুক্তি আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম মুভিস্টারের ‘ইউনিভার্সো ভালদানো’র একটি সাক্ষাৎকারে চুক্তির মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন ৬৬ বছর বয়সী আনচেলত্তি। সেখানে তিনি বলেন, “আমার মনে হয়, ব্রাজিলের সঙ্গে চুক্তিটা আরও চার বছর বাড়াব। এটি একটি নতুন দায়িত্ব এবং কাজটি আমি দারুণ উপভোগ করছি।”
গত বছরের মে মাসে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ। শুরুতে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। বর্তমানে ২০২৬-এর ‘হেক্সা মিশন’ সফল করতে স্কোয়াড বাছাই ও রণকৌশল নির্ধারণে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ব্যস্ততার মাঝেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
সাক্ষাৎকারে নিজের প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র প্রসঙ্গেও কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, “ভিনির সঙ্গে আমার কথা হয়েছে। মাঠে ওর আচরণ এখন অনেক উন্নত। ব্রাজিলিয়ানরা ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী এবং চমৎকার মানুষ। ব্রাজিলের হয়ে খেলার সময় ভিনির যে মানবিক রূপ দেখা যায়, সেটি রিয়াল মাদ্রিদের ভিনির চেয়ে আলাদা।”
ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা, আনচেলত্তির অভিজ্ঞ নেতৃত্বে দীর্ঘদিনের লালিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments