Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্ত করা হবে। তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটিই অনুসরণ করা হবে এবং দ্রুত তদন্ত কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে আমি সব সময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি৷ দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে।

সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন আনুষ্ঠানিক কার্যক্রম। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে ইএসডিওর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন মির্জা ফখরুল। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন৷