ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর ইরানে সামরিক অভিযান এবং এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আকাশপথ অনিরাপদ হয়ে পড়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা বিবেচনায় নিয়ে শনিবার বিকেল ৪টার পর থেকে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
একই তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঢাকা থেকে তাদের ফ্লাইটগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দুবাইতে অবস্থানরত একটি ফ্লাইট সেখানে বর্তমানে নিরাপদ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন কোনো ফ্লাইট ঢাকা ছাড়বে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বর্তমানে সকল ফ্লাইট ‘হোল্ড’ বা স্থগিত রাখা হয়েছে। আকাশসীমা নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেওয়া হচ্ছে না।
এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশের বিজি-৩৪৯ নম্বর ফ্লাইটটি উড্ডয়নের পর মাঝপথ থেকে ফিরে এসেছে বলে জানা গেছে। আকাশপথে ঝুকি এড়াতেই পাইলটকে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, আজ শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। এতে মধ্যপ্রাচ্যের আকাশপথ চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন বা স্থগিত করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments