Image description

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলামের স‌ঙ্গে বৈঠক শে‌ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বৈঠক ভালো হয়েছে।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মা‌র্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বৈঠকে আলোচনার বিষয়, বি‌শেষ ক‌রে অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি আকসা এবং অস্ত্রবিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার নি‌য়ে প্রশ্ন করা হলে তার জবাব দেন‌নি। শুধুমাত্র বৈঠক ভা‌লো হ‌য়ে‌ছে ব‌লে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ ক‌রেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এ সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

খসড়া সূচি অনুযায়ী আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। এদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।