মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার বৈশ্বিক পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র অনুসারে, দুবাইয়ের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আহমেদ আলী প্রাণ হারান। বর্তমানে বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও।
মানবকণ্ঠ/আরআই




Comments