রাজশাহীর চারঘাট উপজেলায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় উপজেলার পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা।
সোমবার (৮ মার্চ) সকালে সরেজমিনে চারঘাট উপজেলার তেল পাম্পগুলো ঘুরে দেখা গেছে, পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা সংবলিত নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। তেল নিতে আসা চালকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তেলের সরবরাহ কম ছিল। যার ফলে পাম্পগুলোর মজুত ধীরে ধীরে শেষ হয়ে যায়। আজ সকালে উপজেলার দুটি প্রধান পাম্প পুরোপুরি তেলশূন্য হয়ে পড়ে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।
ভুক্তভোগী মোটরসাইকেল চালকেরা জানান, সকালে জরুরি কাজে বের হওয়ার আগে তেল নিতে পাম্পে এসে দেখেন সরবরাহ বন্ধ। আশপাশের সব পাম্প ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। এতে করে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।
এ বিষয়ে পাম্প মালিকদের দাবি, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নিয়মিত তেলের চালান না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন তারা।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস জানান, তেল সংকটের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়মিত মনিটরিং করছি। সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে, আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সরবরাহ নিশ্চিত করা না গেলে চারঘাটে যানবাহন চলাচল ও কৃষিভিত্তিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments