Image description

মাদারীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার যানবাহন ও পথচারীকে। বিশেষ করে বর্ষা আসার আগেই সড়কগুলোর এমন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শহীদ বাচ্চু সড়কের প্রায় এক কিলোমিটার অংশের অধিকাংশ জায়গা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া মন্টু ভূইয়া সড়ক, হামিদ আকন্দ সড়ক, ডাক্তার তোতা সড়ক, শহীদ হারুন সড়ক ও অখিল বন্ধু সড়কসহ বেশ কয়েকটি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

স্থানীয় অটোরিকশা চালক খোকন বলেন, ‘পৌরসভার বেশিরভাগ সড়কই এখন ভাঙাচোরা। এই পথে গাড়ি চালালে দুই-একদিন পরপরই মেরামত করতে হয়। এতে আয় কমে যায়, খরচ বাড়ে। আবার ভাঙা রাস্তায় ঝাকুনির কারণে যাত্রীরাও আমাদের গালিগালাজ করে।’

শহীদ বাচ্চু সড়কের মাস্টার কলোনি ও আমিরাবাদ এলাকার নিয়মিত চলাচলকারী নিরব জানান, মাস্টার কলোনি, তরমুগুরিয়া ও মটখোলা এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। এছাড়া মন্টু ভূইয়া সড়কের বাদামতলা, সুমন হোটেলের মোড়, কালীবাড়ি মোড় ও বটতলা এলাকায় ঝুঁকি নিয়ে চলতে হয়।

ক্ষোভ প্রকাশ করে কাপড় ব্যবসায়ী জিতু আলম বলেন, ‘আমরা তো নিয়মিত পৌরসভাকে ট্যাক্স ও সব ধরনের বিল দেই। তাহলে সড়কগুলোর এমন বেহাল দশা কেন থাকবে? অন্তত জনস্বার্থে ভাঙা জায়গাগুলো দ্রুত মেরামত করা উচিত।’

এ বিষয়ে মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘শহীদ বাচ্চু সড়কসহ পৌরসভার যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ঈদের পরেই আমরা রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করতে পারব।’

পৌরবাসীর দাবি, লোক দেখানো মেরামত না করে টেকসই ও মানসম্মত সংস্কারের মাধ্যমে সড়কগুলোকে দ্রুত চলাচলের উপযোগী করা হোক।

মানবকণ্ঠ/ডিআর