জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, সেজন্য সারা দেশে কঠোর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা এক পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সক্রিয় হতে হবে। বিশেষ করে অবৈধ মজুত গড়ে তোলা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং খোলা বাজারে তেল পাচার রোধে কড়া নজরদারি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই জনস্বার্থে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই নির্দেশনার ফলে এখন থেকে জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকদের সরাসরি তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করবেন। কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তেলের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা নিয়মের ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments