Image description

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না নিহতের পরিবার। হাদির বোন মাসুমা হাদি দাবি করেছেন, কেবল একজন শুটারকে সাজা দিয়ে যেন পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারীদের আড়াল করা না হয়।

মাসুমা হাদি বলেন, “পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়। শুধু ফয়সালকে ফাঁসি দিয়ে অন্যদের রক্ষা করা হলে তা কখনোই ন্যায়বিচার হবে না। ফয়সালকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জুগিয়েছে এবং কারা তাকে জেল থেকে বের করতে সহায়তা করেছে—তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।”

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে এক মোটরসাইকেল আরোহী। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও তাতে সন্তুষ্ট না হয়ে ইনকিলাব মঞ্চ ‘নারাজি’ আবেদন করে। বর্তমানে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছে।

ঝালকাঠির নলছিটির সন্তান শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। মাসুমা হাদি দ্রুততম সময়ে ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই