জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে এক অনন্য ও ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে শোভা পাবে পবিত্র কালেমা তাইয়্যেবার নান্দনিক ক্যালিগ্রাফি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কার কাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম তিনি সংসদ সচিবালয়ে দাফতরিক কাজ সম্পন্ন করলেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। ওই সভায় ত্রয়োদশ সংসদের আসন্ন প্রথম অধিবেশনের প্রস্তুতি এবং রাষ্ট্রের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এখন থেকে নিয়মিত এই কক্ষটি দাফতরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতেই প্রধানমন্ত্রী তার অফিসকে সংসদ ভবনে স্থানান্তর করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
সংসদ অধিবেশন কক্ষে কালিমার এই ক্যালিগ্রাফি স্থাপনের বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকে এটিকে দেশের ধর্মীয় মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments